করোনাভাইরাসের ক্ষতি পুষিয়ে নিতে রপ্তানিকারকদের জন্য পাঁচ হাজার কোটি টাকার প্রাকজাহাজীকরণ পুনঃঅর্থায়ন তহবিল (প্রি-শিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্স স্কিম) থেকে ঋণ পাওয়ার শর্ত শিথিল করার তিন দিন পর নতুন শর্ত আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন শর্তে বলা হয়েছে, এখন থেকে প্রাকজাহাজীকরণ ঋণ পেতে এলসি, রপ্তানির আদেশ ও চুক্তিপত্রের শর্তানুযায়ী পণ্য রপ্তানি হবেÑ মর্মে গ্রাহককে ব্যাংকে অঙ্গীকারনামা দিতে হবে। এ ছাড়া গ্রাহকের হালনাগাদ সিআইবি প্রতিবেদন, বকেয়া রপ্তানি বিলের তথ্য ও আন্তর্জাতিক সংস্থা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ক্রেডিট রেটিং রিপোর্ট দিতে হবে। গত বৃহস্পতিবার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
প্রাকজাহাজীকরণ ঋণের নতুন সার্কুলারে আগের শিথিল করা বিষয়গুলো বহাল রাখা হয়েছে। তবে এতে নতুন করে আরও কিছু শর্ত আরোপ করা হয়েছে। আবার কিছু খাতে শর্ত শিথিল করা হয়েছে। সার্কুলারে একটি শর্ত শিথিল করে বলা হয়েছে, এই ঋণ বিতরণের পরের সপ্তাহের মধ্যে পুনঃঅর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে হবে। আগে ছিল যে সপ্তাহে ঋণ বিতরণ করা হয়েছে ওই সপ্তাহেই আবেদন করতে হবে। আবেদনের সীমা বাড়ানোর ফলে ব্যাংকগুলো বাড়তি সময় পেল। ফলে তারা ধীরেসুস্থে আবেদন করতে পারবে। সার্কুলারে নতুন যেসব শর্ত আরোপ করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে প্রাকজাহাজীকরণ ঋণ পেতে কেন্দ্রীয় ব্যাংক থেকে গ্রাহকের হালনাগাদ সিআইবি রিপোর্ট, গ্রাহকের নামে কোনো বকেয়া রপ্তানি বিল আছে কি না, সে তথ্য এবং আন্তর্জাতিক সংস্থা কর্তৃক স্বীকৃত কোনো সংস্থা থেকে ক্রেডিট রিপোর্ট সংগ্রহ করে জমা দিতে হবে। আগে এসব শর্ত ছিল না।
