গোলটেবিল আলোচনায় বক্তারা

রাষ্ট্রীয়ভাবে ১৫ আগস্টের কুশীলবদের বিচার দাবি

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০২:২৯ এএম

রাষ্ট্রীয়ভাবে ১৫ আগস্টের নেপথ্য কুশীলবদের চেহারা উন্মোচন করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বক্তারা। গতকাল শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস ২০২০ উপলক্ষে ‘হাসুমণি’র পাঠশালা’ আয়োজিত গোলটেবিল আলোচনায় এ দাবি জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক বলেন, ‘কে বেঁচে আছে, কে বেঁচে নেই সেটা বিবেচনা না করে রাষ্ট্রীয়ভাবে কুশীলবদের বিচার করতে হবে। ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করা যেমন সুখকর অধ্যায় তেমনি বাঙালি জাতির জীবনে আগস্ট মাস হচ্ছে অন্ধকার অধ্যায়।’ অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রধান আলোচক ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্যানেলের বক্তা ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

উদ্বোধনী বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে হত্যা করতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, এটি কোনোভাবেই সাধারণ হত্যাকা- নয়।’

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘১৫ আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি হলো একটি আদর্শকে চিরতরে নিঃশেষ করে ফেলার অপচেষ্টা, খুনিরা যখন বুঝতে পারল শেখ হাসিনা বেঁচে থাকলে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন হবে না তখন তারা বারবার শেখ হাসিনার ওপরও হামলা করেছে।’

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ‘কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড হিসেবে মেজর জিয়াকে মরণোত্তর বিচারের আওতায় আনতে হবে।’

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি প্রতিষ্ঠিত হাসুমণির পাঠশালা আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহের আফরোজ চুমকি এমপি, অসীম কুমার উকিল এমপি, মো. আমিনুল ইসলাম খান, অধ্যাপক নিসার হোসেন, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ আশরাফুল আলম, ইসহাক আলী খান পান্না, বাহাদুর বেপারী, আল নাহিয়ান খান জয় প্রমুখ।

এছাড়া ১৫ আগস্টে নিহত কর্নেল জামিলের মেয়ে চিত্রশিল্পী কংকা জামিল এবং জাতীয় জাদুঘরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত