ব্রাহ্মণবাড়িয়ায় হুদাইফা নামের সাড়ে ৫ মাসের এক শিশুকে হত্যা করে পুকুর ঘাটে ফেলে রাখার অভিযোগ উঠেছে।
রোববার ভোরে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া হাইছাপুকুর পাড় এলাকার পুকুর ঘাটের সিঁড়ির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। হুদাইফা ওই এলাকার জাকির হোসেনের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ইকবাল হোসেন শিশুর পরিবারের বরাত দিয়ে জানান, রোববার ভোরে জাকির হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন তার শিশু সন্তান হুদাইফাকে বিছানায় ঘুমিয়ে রেখে ফজরের নামাজের জন্য অজু করতে যান। বিছানায় ঘুমিয়ে ছিলেন জাকির হোসেন। অজু করে এসে রাবেয়া বিছানায় শিশু হুদাইফাকে না দেখে চিৎকার শুরু করলে আশপাশের সবাই এসে শিশুটিকে খুঁজতে থাকে। পরে বাড়ির পূর্ব পাশের পুকুর ঘাটের সিঁড়িতে শিশুটির মরদেহ পাওয়া যায়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইউপি সদস্য ইকবাল আরও জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই তোফাজ্জল হোসেন বলেন, হাসপাতাল থেকে মরদেহের খবর জানালে আমরা পরিদর্শন করেছি। আমাদের পদস্থ কর্মকর্তারাও হাসপাতালে শিশুটির লাশ দেখেছেন।
রোববার দুপুরের পর লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।
