রাজধানীতে ‘আনসার আল ইসলাম’র সদস্য গ্রেপ্তার

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০৯:৩৭ পিএম

রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে ‘আনসার আল ইসলাম’র এক সক্রিয় জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’র অপতৎপরতা সম্পর্কে গোয়েন্দা সূত্রে জানতে পেরে তারা গোয়েন্দা নজরদারি বাড়ায়।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, এর ধারাবাহিকতায় ২০১৯ সালের ১৫ নভেম্বর ‘আনসার আল-ইসলাম’র ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। ওই সময় গ্রেপ্তার সাতক্ষীরা জেলার আমির ইকরামুল ইসলাম ওরফে আমির হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল শনিবার রাত দেড়টায় কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে আনসার আল ইসলামের হবিগঞ্জ জেলার আমিরের ঘনিষ্ঠ সহযোগী শামসুল আলমকে (২৬) গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, শামসুল সিলেটের একটি মাদ্রাসা থেকে আলিম পাশ করে বর্তমানে বেকার। পাঁচ বছর ধরে তিনি আনসার আল ইসলামের সঙ্গে জড়িত এবং নিয়মিতভাবে হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় তার সহচরদের সঙ্গে গোপন বৈঠক, চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করে আসছিল। সম্প্রতি ঢাকায় সহচরদের সঙ্গে দেখা করতে আসে। তার কাছ থেকে আনসার আল ইসলামের বর্তমান কার্যক্রম সম্পর্কে অনেক গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া  গেছে।

র‌্যাব আরো জানায়, গ্রেপ্তার জঙ্গি সদস্যের কাছ থেকে ‘আনসার আল ইসলাম’র বিভিন্ন উগ্রবাদী বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং সহযোগীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানায় র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত