টাঙ্গাইলের মির্জাপুরে বনের ভেতর সিসা তৈরির অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক মোশারফ দেওয়ানকে এক মাসের জেল ও ছয় শ্রমিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামের বনের ভেতরে অভিযান পরিচালনা করে এই আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন।
মো. জুবায়ের হোসেন জানান, একটি অসাধু চক্র প্রশাসনের নির্দেশ অমান্য করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বনের ভেতরে ব্যাটারি পুড়িয়ে অবৈধ সিসার কারখানা গড়ে তোলে। অবৈধ সিসার কারখানায় দুর্গন্ধে এলাকার পরিবেশ বিষিয়ে উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনার সত্যতা পেয়ে অবৈধ সিসার কারখানা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত কারখানার মালিক মোশারফ দেওয়ানকে এক মাসের জেল ও কারখানার ৬ শ্রমিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
