সিলেটে রিকশাচালকের বস্তাবন্দী লাশ উদ্ধার

আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১১:২১ পিএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাটারিচালিত রিকশার চালক শাহিন আহমদের (১৫) বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে গোয়াইনঘাট থানা-পুলিশ উপজেলার সালুটিকর এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করে। নিহত শাহিন উপজেলার নিয়াগুল গ্রামের আবুল কাসেমের ছেলে।

গোয়াইনঘাট থানার ওসি আবদুল আহাদ নিহত শাহিনের পরিবারের বরাত দিয়ে জানান, শাহিন গত রবিবার বিকেলে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গোয়াইনঘাট-সালুটিকর সড়কে যাত্রী পরিবহন শুরু করে। রাত ১০টা পর্যন্ত শাহিন বাড়ি না ফেরায় তার বাবাসহ আত্মীয়-স্বজন খোঁজ শুরু করেন। একপর্যায়ে শাহিনের বাবা আবুল কাসেম সালুটিকর কাটাখাল ব্রিজের অদূরে ছেলের জুতা এবং বঙ্গবীর পয়েন্টের কাছে রিকশাটিও খুঁজে পান। পরে পাশের খালে বস্তাবন্দী অবস্থায় ছেলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

সোমবার ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

ওসি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত