হোটেল রুম নিয়ে ঝামেলায় দেশে ফেরেন রায়না!

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৩ এএম

সুরেশ রায়নার আইপিএল থেকে সরে দাঁড়ানো নিয়ে নতুন তথ্য ওঠে এসেছে। সংযুক্ত আরব আমিরাতে হোটেল রুম নিয়ে চেন্নাই সুপার কিংসের তারকা খুশি ছিলেন না বলে খবর। ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে এ নিয়ে ঝামেলার জেরেই নাকি ৩৩ বছর বয়সী তারকা দেশে ফিরে আসেন।

গত শনিবার টুর্নামেন্ট থেকে রায়নার সরে দাঁড়ানোর খবর নিশ্চিত করে চেন্নাই সুপার কিংস। ব্যক্তিগত কারণেই তিনি আইপিএল না খেলে দেশে ফিরে এসেছেন বলে জানানো হয়।

তবে আসল কারণ কি সে নিয়ে সবার কৌতূহল ছিলই। রায়না আইপিএল থেকে সরে দাঁড়ানোর পরই পাঠানকোটে ডাকাতদের হাতে তার ফুপা খুন হওয়ার খবর প্রকাশ হয়। মনে করা হচ্ছিল পরিবারের দুঃসময়ে পাশে থাকতেই তিনি তাড়াহুড়ো করে দেশে ফিরেছেন।

আবার চেন্নাই সুপার কিংসের ১৩ জন করোনা পজিটিভ হওয়ায় তিনি ফিরে এসেছেন বলেও মনে করছিলেন অনেকে। কিন্তু একটি ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, দুবাইয়ে হোটেলের রুম পছন্দ হয়নি বলে চেন্নাই সুপার কিংস কর্তাদের সঙ্গে ঝামেলা হয় রায়নার। মহেন্দ্র সিং ধোনিও যে সমস্যা মেটাতে পারেননি বলে সূত্রের খবর।

খবরে বলা হয়েছে, সুরেশ রায়না দুবাইয়ে হোটেলের নিজের ঘর নিয়ে খুশি ছিলেন না। তার ঘরে ভালো ব্যালকনি ছিল না। তিনি নাকি ধোনির মতো ঘর চেয়েছিলেন।

সুরেশ রায়না ইস্যুতে মুখ খুলেছেন চেন্নাই সুপার কিংসের কর্ণধার এন শ্রীনিবাসন। তিনিও গোটা বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ। তিনি বলেন, ‘ক্রিকেটাররা নিজেদের সবার চেয়ে বড় ভাবে। কিন্তু চেন্নাই সুপার কিংস একটা পরিবারের মতো। সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকে। আমার বক্তব্য খুব পরিষ্কার, কারওর যদি ইচ্ছে না করে, তাহলে তার ফিরে যাওয়াই ভালো। আমরা কাউকে জোর করি না । আসলে সাফল্য কখনো কখনো কারওর মাথা ঘুরিয়ে দেয়।’

তবে ধোনির সঙ্গে শ্রীনিবাসনের পুরো বিষয়টি নিয়ে কথা হয়েছে বলেও তিনি জানান। ধোনি দুবাই থেকে শ্রীনিকে আশ্বস্ত করেছেন বলেও সূত্রের খবর।

তবে রায়না আইপিএল থেকে সরে দাঁড়ানোয় তার বদলি হিসেবে কাউকে এখনই নিচ্ছেনা চেন্নাই সুপার কিংস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত