পুকুরে মিলল নিখোঁজ প্রতিবন্ধী ২ ভাইয়ের মরদেহ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৭ পিএম

কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান পাড়া গ্রামে নিখোঁজের একদিন পর পুকুর থেকে প্রতিবন্ধী দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

নিহত দুই ভাই মাউন (১০) ও মারুফ (৭) চেয়ারম্যান পাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। ওই দুই শিশুর মায়ের নাম মর্জিনা বেগম। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩টার দিকে বাড়ি থেকে একসঙ্গে বের হয়ে যায় মাউন ও মারুফ। কিন্তু আর বাড়িতে ফিরে আসেনি তারা। পরে তাদেরকে অনেক খোঁজাখুঁজি করা হয়। এরপর না পেয়ে রাতে মাইকযোগে নিখোঁজ দুই শিশুর সন্ধান চাওয়া হয়।

মঙ্গলবার ফজরের নামাজের পর মুসল্লিরা বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। এরপর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

মোগলবাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বাবলু জানান, বাক প্রতিবন্ধী দুই শিশু সোমবার বেলা ৩টার দিকে নিখোঁজ হয়। মঙ্গলবার ফজরের নামাজ শেষে মুসল্লিরা পার্শ্ববর্তী পুকুরে তাদের লাশ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত