ফরাসি ক্লাব পিএসজি ছাড়তে পারেন নেইমার, কিছুদিন পর পরই এই আলোচনা সামনে আসে। তবে ২০২০-২১ মৌসুমের আগে চলমান দলবদলের সময়ে ব্রাজিলিয়ান তারকা জোর দিয়ে বললেন, তিনি প্যারিসের ক্লাবটিতেই থাকতে চান। দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোই তার একমাত্র লক্ষ্য বলেও জানান নেইমার।
পিএসজির অফিশিয়াল ম্যাগাজিনে নেইমার বলেন, ‘এটা সত্যি যে আমার ট্রফি জয়ের উচ্চাকাঙ্ক্ষা আছে এবং ক্লাবে ইতিহাসের সঙ্গে আমার নাম জুড়ে দিতে চাই। আমার একমাত্র লক্ষ্য এখন টিমমেটদের নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা।’
গত মৌসুমের অনেকটা জুড়ে ইনজুরির সঙ্গে লড়াই করেছেন নেইমার। কঠিন সময় কাটিয়ে মাঠে ফেরার দিনগুলো স্মরণ করেছেন। বলছিলেন, ‘আমি আমার ব্যক্তিগত অর্জন নিয়ে চিন্তিত না, দল নিয়েই ভাবনা। ক্লাবে আমার প্রথম দিন থেকে আমি নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। সবশেষ গ্রীষ্মে আমি কঠিন সময় পার করেছি। তবে হাল ছাড়িনি। আমি জানতাম পরিস্থিতি আমাকে মাঠে ফেরার অপেক্ষা রেখেছে। সর্বোপরি, আমি মাঠে নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি।’
নেইমারকে পিএসজি দলে ভিড়িয়েছিল একটি স্বপ্ন নিয়েই। সেটি- চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা। তবে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসে প্রথম দুই মৌসুম শেষ ষোলো থেকেই বিদায়ের স্বাদ নিতে হয়েছিল নেইমারকে।
সদ্য শেষ হওয়া মৌসুমে অবশ্য নিজেদের ইতিহাসে প্রথমবার ফাইনালে ওঠে পিএসজি। যেখানে নেইমারের পারফরম্যান্সের রয়েছে বড় ভূমিকা। নেইমারের বিশ্বাস পিএসজির হয়ে শিরোপার স্বপ্ন তার পূরণ হবেই।
‘আমি এখানে আসার পর দুটি আসরে শেষ ষোলো থেকে বাদ পড়েছি। কিন্তু আমি মনে করি এটা একটি বড় ক্লাবের হয়ে আপনার ভ্রমণের অংশ। সাফল্য একদিনে আসে না। আমি মনে করি এই যে বাদ পড়া, হতাশা, এই ভুলগুলো খুব গুরুত্বপূর্ণ, যা থেকে শিক্ষা নিয়ে দলকে আরো শক্তিশালী করা যায়।’
পিএসজির প্রশংসায় পঞ্চমুখ নেইমার, ‘এখন আমরা বলতে পারি যে আমরা শক্তিশালী ক্লাব এবং শক্তিশালী দল। যারা কিনা নিজের লক্ষ্যে নজর দেয়। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল তার প্রমাণ। কেউ যদি মনে করেন পিএসজি এলিট ক্লাবগুলোর মধ্যে ছিল না, তাহলে তার সন্দেহ লিসবনেই মাটি চাপা পড়েছে।’
