করোনা আক্রান্ত ডেভিড সিলভা, ডি মারিয়া

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৬ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইউরোপের ফুটবলে খেলা বেশ কয়েকজন খেলোয়াড়। সোমবার রাতে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) জানিয়েছে, ক্লাবের দুজন খেলোয়াড় করোনা পজিটিভ। ক্লাব কর্র্তৃপক্ষ নাম প্রকাশ না করলেও বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে সেই দুই খেলোয়াড়ের নাম। একজন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া, অপরজন লিওনার্দো পেরেদেস। এদিকে ম্যানচেস্টার সিটি থেকে রিয়াল সোসিয়েদাদে যোগ দেওয়া স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভাও করোনা পজিটিভ। ইতালিয়ান ক্লাব আতালান্তা জানিয়েছে তাদের তিন খেলোয়াড়ের করোনা পজিটিভের খবর। আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্টগুলোতে বলা হয়েছে ডি মারিয়া ও পেরেদেস সুস্থ আছেন। নিজেদের সেলফ আইসোলেশনে রেখেছেন। পিএসজির অনেক খেলোয়াড়ই অবকাশ যাপন করতে গিয়েছিলেন স্প্যানিশ দ্বীপ ইবিজায়। ধারণা করা হচ্ছে সেখান থেকেই করোনায় আক্রান্ত হয়েছেন তারা। ডি মারিয়া ও পেরেদেসের করোনা পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেছে ইএসপিএনও। তাদের রিপোর্টে আরও বলা হয়েছে মাউরো ইকার্দির পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। শঙ্কা প্রকাশ করা হয়েছে নেইমারকে নিয়েও। কারণ ইবিজায় সন্তান এবং বাবাকে নিয়ে অবকাশ যাপনে যান তিনি। সেখানে ছিলেন কেইলর নাভাসও। এদিকে ১০ সেপ্টেম্বর লিগ ওয়ানে মৌসুমের প্রথম ম্যাচ খেলবে পিএসজি, প্রতিপক্ষ লেন্স। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত