বেনাপোলে বেশিরভাগ ক্রেন-ফর্কলিফট অকেজো

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৫ এএম

বেনাপোলে বেশিরভাগ ক্রেন ও ফর্কলিফট অকেজো থাকায় পণ্য ওঠানো-নামানো ও ডেলিভারি করা সম্ভব হচ্ছে না। এতে বন্দরে সৃষ্ট পণ্যজটের কারণে যেকোনো সময় বন্ধ হতে পারে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য।

বন্দর কর্তৃপক্ষ বলছে, বর্তমানে বন্দরে ২৫ টন ধারণ ক্ষমতাসম্পন্ন একটি ও পাঁচ টনের ফর্কলিফট রয়েছে পাঁচটি। এর মধ্যে চারটি দীর্ঘদিন ধরে অচল। ৪০, ৩৫ ও ১৯ টনের ক্রেন আছে একটি করে আর ১০ টনের ক্রেন রয়েছে দুটি। এর মধ্যে পাঁচটি ক্রেন বেশিরভাগ সময় অকেজো থাকে। বর্তমানে ২৫ টনের ফর্কলিফটি অকেজো থাকায় বিপর্যয় ঘটছে মালামাল লোড-আনলোডে।

বন্দর ব্যবহারকারীরা বলছেন, বন্দরের গুদামে জায়গার অভাবে ওখান থেকে পণ্য বের করার পর নতুন পণ্য রাখা হচ্ছে। খালাসের অভাবে পণ্যবোঝাই ট্রাক বন্দরের ভেতর দাঁড়িয়ে থাকছে দিনের পর দিন। ট্রাক থেকে পণ্য নামানোর অনুমতি মিললেও ক্রেন বা ফর্কলিফট মিলছে না। ফলে জায়গা ও ক্রেন সংকটে বিপাকে পড়েছেন বন্দর ব্যবহারকারীরা।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বারবার তাগাদা দেওয়ার পরও ঠিকাদার প্রতিষ্ঠান সাড়া দিচ্ছে না। বিষয়টি জানিয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে দ্রুতই সমস্যার সমাধান হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত