ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে ফলাফল সমন্বয় আবেদন অনলাইনে নেওয়া হবে। ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফলাফল সমন্বয় (রেজাল্ট ইনকম্পিলিট, মানোন্নয়ন মার্কস সংযুক্তি) এবং নাম্বার স্থগিত (উইথেল্ড) আসার বিষয়ে আবেদন করতে পারবে। নির্দেশনাবলি তৈরি করে দু-চার দিনের মধ্যে এ সংক্রান্ত নোটিস দেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী এবং সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আই কে সেলিম উল্লাহ খন্দকার।
সংশ্লিষ্টরা জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় ফলাফল সমন্বয়ের জন্য শিক্ষার্থীদের সব বর্ষের ফলাফল কপি এবং একটি দরখাস্তে অধ্যক্ষের স্বাক্ষরসহ বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিতে হয়। নাম্বার স্থগিতের জন্য পরীক্ষা কেন্দ্র থেকে হাজিরা খাতার ফটোকপি এবং একটি দরখাস্তে অধ্যক্ষের স্বাক্ষরসহ বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হয়।
এ বিষয়ে ঢাকা কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও সাত কলেজের আন্দোলনের সমন্বয়ক আবু বকর বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে কর্র্তৃপক্ষ এমন একটি উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ফলাফল দ্রুত প্রকাশসহ অন্যান্য বিষয়েও যথাযথ পদক্ষেপ নেবেন।
