উৎসবে আকাশে উড়ছে অসংখ্য ঘুড়ি। কেউ ঘুড়ি ওড়াতে ব্যস্ত, কেউ দেখছেন আকাশ জোড়া ঘুড়ির বাহার। এরই মধ্যে হঠাৎ ঘটে গেল বিস্ময়কর এক ঘটনা। বিশাল এক ঘুড়ির লেজে জড়িয়ে আকাশে উড়ে গেল ছোট্ট এক মেয়েশিশু। তখন লেগে গেল হইচই।
ঘটনাটি ঘটেছে গত রবিবার তাইওয়ানে। ওইদিন তাইওয়ানের রাজধানী তাইপের দক্ষিণে সিনচু শহরে বসেছিল এবারের আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। এই ঘুড়ি উৎসব দেখতে মায়ের সঙ্গে তিন বছর বয়সী ওই মেয়েশিশুটিও সেখানে গিয়েছিল। একপর্যায়ে বিশাল আকৃতির একটি ঘুড়ির লেজে আটকে সেও উড়ে যায়। ৩০ সেকেন্ডের মতো বাতাসে ভাসার পর শিশুটিকে উদ্ধার করা হয়।
ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায়, ঘটনার শুরুতে একদল লোক দীর্ঘ লেজের একটি ঘুড়িকে ওড়ানোর জন্য প্রস্তুত করছেন। তখন বেশ জোরেই বাতাস বইছিল। কিছু পর ঘুড়িটি ওড়ানো হয়। জোরালো বাতাসে মুক্ত বিহঙ্গের মতোই উড়াল দেয় সেটি। কিন্তু ওড়ার সময়ই কীভাবে যেন ঘুড়িটির লেজে আটকে যায় তিন বছর বয়সী ওই শিশুটি।
প্রায় ৩০ সেকেন্ড চেষ্টার পর ঘুড়িটিকে নামিয়ে আনতে সমর্থ হন উপস্থিত লোকজন। শিশুটিকে প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে নেওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা তাকে ছেড়ে দেন। ঘটনার পরপরই ফেইসবুকে এক বিবৃতিতে ক্ষমা চেয়েছেন সিনচু শহরের মেয়র লিন চিহ-চিয়েন। তিনি বলেছেন, শিশুটি কীভাবে ঘুড়ির সঙ্গে উড়ে গেল, তা জানার চেষ্টা চলছে। পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্যই এই বিষয়টি জানা দরকার। এ ছাড়া কারও অবহেলার কারণে ঘটনাটি ঘটে থাকলে তাকেও জবাবদিহির আওতায় আনা হবে।
