ভারতে এক মাসে রোগী বেড়েছে ৮৪ শতাংশ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০৩:০২ এএম

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর তালিকায় তৃতীয় স্থানে থাকা ভারত এখন এপিসেন্টার। দেশটিতে গতকাল পর্যন্ত মোট করোনা শনাক্ত ছাড়িয়েছে ৩৭ লাখ ৩৩ হাজার। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৬৫ হাজারের ঘর। শুরুর দিকে কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও এখন দেশটিতে গড়ে ৭০ হাজারের মতো রোগী শনাক্ত হচ্ছে প্রতিদিন। গত আগস্ট মাসের ৩১ দিনে দেশটিতে প্রায় ২০ লাখ কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। মহামারী শুরুর পর থেকে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশেই এক মাসে এত রোগী শনাক্ত হয়নি। আগস্টে ভারতে প্রতিদিন গড়ে ৬৪ হাজার মানুষের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে, এই সংখ্যা আগের মাসের তুলনায় ৮৪ শতাংশ বেশি বলে সরকারি হিসাবেই দেখা গেছে।

এই মাসে ভারতে ২৮ হাজারের বেশি মানুষের মৃত্যুও হয়েছে করোনায়।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডো মিটারসের হিসাব অনুসারে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত ভারতে ৩৭ লাখের বেশি মানুষের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

শনাক্ত রোগী বিবেচনায় দেশটির উপরে আছে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। মঙ্গলবার এ দুটো দেশের শনাক্ত রোগীর সংখ্যা যথাক্রমে ৬০ লাখ ৩১ হাজার ৬৫ জন ও ৩৯ লাখ ৮ হাজার ২৭২ জন।

ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলতি বছরের মার্চে ভারতজুড়ে কঠোর লকডাউনের কারণে কোটি কোটি মানুষ চাকরি হারিয়েছিল; অর্থনীতির চাকা সচল করতে মাস কয়েক ধরেই দেশটির সরকার বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করছে।

বিশ্বের যে দেশটিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত রোগী মিলেছে, সেই যুক্তরাষ্ট্রেও আগস্টে দৈনিক শনাক্ত ছিল গড়ে মাত্র ৪৭ হাজার।

সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে ভারত তাদের শনাক্তকরণ পরীক্ষার পরিমাণ এবং আওতাও বাড়িয়েছে; প্রাণঘাতী এই ভাইরাস এখন দেশটির প্রত্যন্ত এলাকাগুলোকেও ছড়িয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে।

উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও উড়িষ্যায় শনাক্ত রোগী হু হু করে বাড়তে থাকায় কেন্দ্রীয় সরকার সেখানে সহায়তাকারী দলও পাঠিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

ভারতে প্রাদুর্ভাবের মূল কেন্দ্র মহারাষ্ট্র এখনো শনাক্ত রোগী ও মৃত্যুর তালিকায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সবার উপরেই অবস্থান করছে। পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে শনাক্ত রোগী ৮ লাখের কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছে বিবিসি।

ভাইরাস শনাক্তে বিভিন্ন রাজ্যের সক্ষমতা বাড়লেও ভারতে এখনো প্রতি ১০ লাখ মানুষ অনুপাতে মাত্র ৩২ হাজার মানুষের পরীক্ষা করতে পেরেছে; যাকে প্রয়োজনের তুলনায় অনেক কম বলছেন বিশেষজ্ঞরা।

শনাক্তকরণ পরীক্ষায় পিছিয়ে থাকলেও ভারতে সুস্থতার হার বিশ্বের অধিকাংশ দেশের চেয়েই ভালো। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত প্রতি ১০০ জনের বিপরীতে প্রায় ৭৭ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ভারতে শনাক্ত অনুপাতে মৃত্যুও অনেক কম। দেশটিতে সরকারি হিসাবে কভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ২ শতাংশেরও কম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত