কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৫৩ কোটি টাকার বাজেট

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৭ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ অর্থবছরের জন্য ৫৩ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকার বাজেট পাস হয়েছে।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে ৭৬তম সিন্ডিকেটের ভার্চুয়াল সভায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বাজেট ঘোষণা করেন।

এর আগে গত ২১ জুলাই বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির (এফসি) ৪৫তম সভায় প্রস্তাবিত বাজেটের সুপারিশ করা হয়।

কুবির অর্থ ও হিসাব দপ্তর সূত্রে জানা যায়, গতবারের তুলনায় চলতি অর্থবছরে বিভিন্ন খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এ বছর শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৩১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পণ্য ও সেবা সহায়তা বাবদ ১৩ কোটি ৭৪ লাখ ৫০ হাজার, পেনশন ও অবসর সুবিধা বাবদ ২ লাখ, গবেষণা অনুদান বাবদ ১ কোটি ২০ লাখ, অন্যান্য অনুদান বাবদ ২ লাখ ও মূলধন অনুদান ৬ কোটি ৬২ লাখ টাকা রাজস্ব (আবর্তক ও মূলধন) বাজেট বরাদ্দ রাখা হয়েছে। পাসকৃত বাজেটে প্রারম্ভিক স্থিতি হিসেবে ৩ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ইউজিসি থেকে বরাদ্দ পাওয়া যাবে ৪২ কোটি ৫৬ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে ৭ কোটি ৩৬ লাখ টাকা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের জন্য মেডিসিন ক্রয় বাবদ ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত অর্থবছরের তুলনায় বরাদ্দ কিছুটা বাড়লেও মোট শিক্ষক-শিক্ষার্থীর তুলনায় তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।

কুবির রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মিলে প্রায় ৭ হাজার ৭০০ জন কর্মরত আছেন। সে হিসেবে চিকিৎসা খাতে মাথাপিছু গড়ে ৩৯ টাকা বরাদ্দ পড়ে।

এ প্রসঙ্গে সিনিয়র মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে বরাদ্দ আরও বাড়ানোর চেষ্টা করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত