নাব্য সংকট ও স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে পারাপারে বিঘœ ঘটায় আটকা পড়ে শত শত যান। এ ঘটনায় চরম পর্যায়ে পৌঁছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তি। গতকাল বুধবার সকাল থেকে দিনভরই যানবাহনের দীর্ঘ সারি ঘাটে অপেক্ষা করতে দেখা গেছে। তাছাড়া রাতের বেলায় যানজট এড়াতে পাটুরিয়া-আরিচা সংযোগ মোড়ে পণ্যবাহী ট্রাক আটকে রেখেও হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুট রাতে বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পণ্যবাহী ট্রাকের চাপ বেড়েছে। পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ কমাতে উথুলী সংযোগ সড়কে পণ্যবাহী ট্রাক দাঁড় করিয়ে রেখেও পরিস্থিতি স্বাভাবিক করা যাচ্ছে না। এ নৌরুটে নাব্য সংকট থাকায় ড্রেজিংয়ের কাজ চলছে। তাছাড়া নদীতে স্রোত থাকায় ফেরি পারাপারও কিছুটা ব্যাহত হচ্ছে।
কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, সকাল থেকে ছোট-বড় মিলে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। গতকাল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ও অর্ধশতাধিক ব্যক্তিগত ও যাত্রীবাহী যান ফেরি পারাপারের অপেক্ষায় ছিল। তবে যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পারাপারের ব্যবস্থা করা হয়।
