তারকা ফুটবলার লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার গুঞ্জনে রিয়াল মাদ্রিদের অধিনায়ক সের্হিও রামোস বলেছেন, নিজের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আর্জেন্টাইন এই ফুটবলারের রয়েছে।
বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে গত সপ্তাহে ক্লাবটিতে ফ্যাক্স পাঠান মেসি। নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে অনুশীলন সেশনে যোগ দেওয়ার অস্বীকৃতি জানিয়েছেন ছয়বারের এই বর্ষসেরা ফুটবলার।
এদিকে, মেসির পরবর্তী গন্তব্য নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। এর মধ্যে ঘুরেফিরে আসছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির নাম। সংবাদমাধ্যমের খবর, ১১৩ কোটি ডলারে পাঁচ বছরের জন্য ৩৩ বছর বয়সী এই ফুটবলারকে পেতে চায় ক্লাবটি।
জার্মানির বিপক্ষে স্পেনের উয়েফা নেশন্স লিগের ম্যাচের আগে মেসির বার্সা ছাড়ার প্রসঙ্গে রামোস সংবাদ সম্মেলনে বলেন, “আমি মনে করি, নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মতো সম্মান মেসি অর্জন করেছে।”
“আমি জানি না, ব্যাপারটি সে সর্বোত্তম উপায়ে করছে কি-না। অবশ্য স্প্যানিশ ফুটবল, বার্সেলোনা এবং আমরা সব সময় সেরাটা পেতে পছন্দ করি তাই আমরা চাইব সে এখানেই থাকুক।”
“লিও স্প্যানিশ লিগকে আরও ভালোর দিকে নিয়ে গেছে। আরও ভালোর দিকে নিয়ে গেছে বার্সেলোনার দলকে এবং এল ক্লাসিকোকে আরও আকর্ষণীয় করেছে। আমরা সেরাদের এখানে পেতে চাই। আর সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।”
“এটা নিয়ে বেশি বলার কিছু নেই। সে তার নিজের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সম্মান অর্জন করেছে। কোনো গুজবে কান না দিয়ে তাকে নিজেকে সিদ্ধান্ত নিতে দিন। দেখা যাক কী হয়।”
