নেশনস লিগের আগে রোনালদোর ইনজুরি ভাবাচ্ছে পর্তুগালকে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪৪ পিএম

নেশনস লিগে নিজেদের মিশন শুরুর আগে ক্রিস্তিয়ানো রোনালদোর ইনজুরি ভাবনায় ফেলেছে পর্তুগালকে। বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলনে অনুপস্থিত ছিলেন সিআরসেভেন।

বৃহস্পতিবার থেকেই মাঠে গড়াচ্ছে নেশনস লিগ। শনিবার পর্তুগাল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। তার আগে পর্তুগিজ বরপুত্র পায়ের সমস্যায় ভুগছেন।

বিবৃতিতে পর্তুগিজ এফএ জানিয়েছেন, ‘জাতীয় দলের অধিনায়কের ডান পায়ে একটি ইনফেকশন রয়েছে। অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা চলছে।’ ৩৫ বছর বয়সী জুভেন্তাস তারকা বুধবার সীমিত আকারে শুধু জিম করেছিলেন।

এদিকে ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচের জন্য আগেই ছিটকে গেছেন লিল মিডফিল্ডার রেনাতো সানচেজ। তার ইনজুরির ধরন অবশ্য গোপন রাখা হয়েছে।

বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল গত বছর ন্যাশনস লিগের উদ্বোধনী আসরে শিরোপা জিতেছিল। পোর্তোয় অনুষ্ঠিত ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারায় দলটি।

শনিবার ক্রোয়েশিয়া ম্যাচের তিন দিন পর সুইডেনের বিপক্ষে খেলবে পর্তুগাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত