ফারইস্ট ফাইন্যান্সের চেয়ারম্যান এম এ খালেককে জরিমানা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০২:১৩ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনাবেচার ক্ষেত্রে পূর্বঘোষণা দিতে হয়। আবার তাদের জন্য শেয়ার কেনাবেচার নিষিদ্ধ সময়ও রয়েছে। সিকিউরিটিজ আইনে এমন বিধিবিধান থাকলেও অনেকেই অগোচরে শেয়ার বিক্রি করছেন।

তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান এম এ খালেকও নিষিদ্ধকালীন অগোচরে শেয়ার বিক্রি করেছেন। এ কারণে তাকে আর্থিক জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল কমিশনের নিয়মিত সভায় এই জরিমানার সিদ্ধান্ত হয়।

এসইসি জানিয়েছে, ফারইস্ট ফাইন্যান্সের পরিচালক ও চেয়ারম্যান এম এ খালেক পূর্বঘোষণা ছাড়া নিষিদ্ধকালীন নিজ কোম্পানির ৩২ লাখ ৮১ হাজার ২৬৬ শেয়ার বিক্রি করেন। একই সময়ে কোম্পানির অপর পরিচালক রুবাইয়াত খালেদও ২৬ হাজার ৭৭৭ শেয়ার ঘোষণা ছাড়াই বিক্রি করেন। শেয়ার বিক্রির ক্ষেত্রে তারা করও পরিশোধ করেননি। এর মাধ্যমে তারা সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালা ভঙ্গ করেছেন। সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে কমিশন এম এ খালেককে ১০ লাখ টাকা ও রুবাইয়াত খালেদকে ৫ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে জরিমানার অর্থ আদায় না হওয়া পর্যন্ত তাদের উভয়ের বিও হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছে এসইসি।

ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালা অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীরা কোম্পানির হিসাব বছর শেষ হওয়ার দুই মাস আগে থেকে ও বার্ষিক প্রতিবেদন পরিচালনা পর্ষদ কর্তৃক চূড়ান্তভাবে গৃহীত হওয়ার আগ পর্যন্ত নিজ কোম্পানির শেয়ার কেনাবেচা ও হস্তান্তর নিষিদ্ধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত