ডেভিড ব্লেইন। যুক্তরাষ্ট্রের এই নাগরিকের পেশাই চমকপ্রদ সব ম্যাজিক দেখিয়ে মানুষকে চমকে দেওয়া। এই ম্যাজিশিয়ান এবার বিশ্ববাসীকে চমকে দিলেন দুরন্ত এক পদক্ষেপ নিয়ে। হিলিয়াম গ্যাস ভরা ৫২টি ছোট বেলুনের সাহায্যে উড়লেন আকাশে। পৌঁছালেন ৭ হাজার ৬০০ মিটার উচ্চতায়। সেখান থেকে এক সময় ফ্রি-ফল, তারপর প্যারাসুটে করে নেমে আসেন মাটিতে। তার আগে অবশ্য তিনি আকাশে থেকেই আরিজনার গোটা মরুভূমি চক্কর দিয়ে ফেলেন।
বেলুনের সঙ্গে আটকানো এবং মাটি থেকে তার সহযোগীদের ক্যামেরায় ধরা পড়ে গোটা অ্যাডভেঞ্চারটি। গত বুধবার আমেরিকার আরিজোনায় এই কীর্তি স্থাপন করেন ডেভিড।
ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকটি গ্যাস-বেলুন একসঙ্গে বাঁধা হয়। সেই বেলুনগুলোর সুতা ধরে আকাশে উড়তে থাকেন ডেভিড। ওজন বাড়ানোর জন্য কিছু বস্তু নিয়ে গিয়েছিলেন তিনি। একে একে তিনি সেই ওজন কমাতে থাকেন, যাতে তার উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকে। আস্তে আস্তে তিনি ৭ হাজার ৬০০ মিটার উচ্চতায় পৌঁছে যান। এক সময় তার অক্সিজেন মাস্কও প্রয়োজন হয়। ভিডিওতে দেখা যায়, তিনি আকাশ থেকেই মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন।
সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে তিনি বেলুনগুলো থেকে নিজেকে আলাদা করে নেন। এবার আকাশ থেকে পড়তে থাকেন। শেষে প্যারাসুট খুলে নিরাপদে ভূমিতে অবতরণ করেন। বেলুন থেকে তার আলাদা হওয়ার পর প্যারাসুট খোলার আগে পর্যন্ত প্রায় ৩০ সেকেন্ড দ্রুতগতিতে নেমে আসেন ডেভিড।
ডেভিডের এই গোটা কর্মকাণ্ড ইউটিউবে তার চ্যানেলে সম্প্রচার হয়। সেখানে প্রস্তুতি থেকে অবতরণ পর্যন্ত প্রায় তিন ঘণ্টার ভিডিও আপলোড করা হয়েছে। এছাড়া কয়েকটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ হয়েছে বিভিন্ন চ্যানেলে।
