আর্তুরো মেলো আগেই চলে গেছেন জুভেন্তাসে। ইভান রাকিতিচ গতকাল আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তার পুরনো ক্লাব সেভিয়ায়। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, আর্তুর ভিদালকেও বার্সেলোনা ছাড়ার অনুমতি দিয়েছে কাতালান ক্লাবটি। এদিকে ইতালিয়ান গণমাধ্যম যা বলছে তাতে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গেই সুয়ারেজের নতুন জুটি গড়ে ওঠার সম্ভাবনা বেশি। গাজেত্তা দেল্লো স্পোর্ত প্রতিবেদন অনুযায়ী জুভেন্তাস সুয়ারেজের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে।
ভিদালের রিলিজের অনুমতি প্রায় চূড়ান্ত, যেকোনো সময় আসতে পারে অফিশিয়াল ঘোষণা। সুয়ারেজকে কোম্যান ফোন করে দল ছাড়ার কথা জানিয়ে দিলেও তার রিলিজ অনুমতি এখনো দেওয়া হয়নি। ভিদালের চুক্তির এক বছর বাকি আছে। তাই চুক্তি শেষের আগে ভিদাল নিজ থেকে গেলে ১৮ মিলিয়ন ইউরো পেত বার্সা। কিন্তু দল তাকে ছেড়ে দিতে চাওয়ায় একটি প্রতীকী অর্থের বিনিময়েই ভিদালকে পাবে যেকোনো দল। এদিকে নতুন মৌসুমেই ৩৪ বছরে পা দেবেন সুয়ারেজ। তার সঙ্গে আরও এক মৌসুমের চুক্তি আছে বার্সেলোনার। যেহেতু নতুন কোচ বার্সেলোনায় তাকে চাইছেন না, তাই চুক্তি খারিজ করা বাবদ প্রায় ২৪ মিলিয়ন ইউরো দিয়ে দিলেই ঝামেলা শেষ।
