কী থাকছে কাজী হায়াতের নতুন ছবিতে?

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৭ পিএম

নিজের ক্যারিয়ারের ৫১তম চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন কাজী হায়াত। আগামী মাসের মাঝামাঝি শাপলা মিডিয়া প্রযোজিত একটি নতুন চলচ্চিত্রের শুটিং করার কথা রয়েছে তার। বর্তমানে চলছে চিত্রনাট্যের কাজ। ছবির নাম প্রাথমিকভাবে ‘যোগ্য সন্তান’ ও ‘রাজা গোলাম’ নির্বাচন করা হলেও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্মাতা।

ছবি নির্মাণ আর না করার ইঙ্গিত দিয়েও আবারও ছবি নির্মাণ করতে যাচ্ছেন এই পরিচালক। গণমাধ্যমকে এ বিষয়ে তিনি বলেন, ‘আমার বয়স হয়েছে। শরীরের অবস্থাও খুব একটা ভালো নয়। নিউইয়র্ক থেকে চিকিৎসা করিয়ে এসেছি। আমি বেঁচে থাকব বা আমার কাছে ছবি নির্মাণের জন্য কোনো প্রযোজক এগিয়ে আসবে, সে বিষয়টি মনে করিনি। তবে যত দিন বেঁচে আছি, যদি সুস্থ থাকি, তবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চলচ্চিত্র নির্মাণ করতে চাই।’

কী থাকছে কাজী হায়াতের নতুন ছবিতে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছবির হিরো ছোট থাকতে বাবাকে হারান। দ্বিতীয়বার মায়ের বিয়ে হয়। সৎ বাবা মাকে অনেক অত্যাচার করে। মায়ের কান্নার শব্দ সহ্য করতে পারে না ছেলেটি। তার একটি সাইকেল আছে। মায়ের কান্নার সময় ছেলেটি তার সাইকেলের বেল বাজাতে থাকে পাগলের মতো। এর চেয়ে বেশি বলতে চাই না। তবে দর্শক সব সময় আমার ছবিতে যেমন রাজনীতি, বর্তমান সময়ের সমস্যাগুলো পেয়ে থাকেন; এ ছবিতেও তা পাবেন।’

অসুস্থতার কারণে গত বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসা নেন কাজী হায়াৎ। ২০০৪ সালে হৃৎপিণ্ডে দুটি রিং বসানো হয়েছিল প্রখ্যাত এ চলচ্চিত্র নির্মাতার। ২০০৫ সালে ওপেন হার্ট সার্জারি করা হয় কাজী হায়াতের। এরপর গত বছরের জানুয়ারিতে আবার হৃৎপিণ্ডে সমস্যা দেখা দিলে বরেণ্য এই নির্মাতা প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের জন্য আবেদন করেন। তারপর প্রধানমন্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকা অনুদান পান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত