করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার থেকে শুরু হয়েছে প্রাচ্যনাট আয়োজিত ‘মহলা মগন’ শীর্ষক উঠান নাটকের মেলা ২০২০। ‘অবসাদ বিরুদ্ধ স্রোত’ স্লোগান নিয়ে মাসব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে কাঁটাবনের প্রাচ্যনাটের নিজস্ব মহড়া কক্ষে।
শুক্রবার সন্ধ্যায় নাট্য মেলার উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ ও পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস।
উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চায়িত হয় নাটক ‘দ্য জু স্টোরি’। এডওয়ার্ড অ্যালবী'র রচনা থেকে অনুবাদ করেছেন আশফাকুল আশেকীন। মঞ্চে নাটকটি নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।
নাটকের গল্পে দেখা যায়, বই প্রকাশনার সঙ্গে যুক্ত পিটার একজন উচ্চ মধ্যবিত্ত ব্যক্তি যার বউ আছে, দুটি মেয়ে আছে, আর আছে দুটি বিড়াল। চল্লিশোর্ধ্ব পিটার পার্কের বেঞ্চে বসে বই পড়তে থাকেন। তার চেয়ে কয়েক বছরের ছোট জেরি পিটারকে বলে যে সে সেন্ট্রাল পার্ক চিড়িয়াখানা থেকে এসেছে। পিটার কোনো উত্তর দেয় না কিন্তু জেরি গায়ে পড়ে কথোপকথন শুরু করতে চায়। কারণ সে ভীষণ একা এবং যে কারো সাথে একটু যোগাযোগ তৈরির জন্য সে মরিয়া হয়ে উঠেছে।
নির্দেশক তৌফিকুল ইসলাম ইমন বলেন, “যখন সমাজ একদিক থেকে কোনো কিছু দেখে তখন আসল রূপটা আমাদের নজরে আসে না। সাজানো ছবি আমাদের ভুল দিকনির্দেশনা দেয়। সত্যিটা আমরা ধরতেই পারিনা।”
নাটকটিতে অভিনয় করেছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন ও আহমেদ সাকি। সংগীত পরিকল্পনায় ছিলেন রিফাত নোবেল, সংগীত প্রয়োগে ছিলেন আন্দোলন মিঠুন ও অদ্রিজা আমিন। আলোক প্রয়োগে মোখলেছুর রহমান ও ফয়েজ রাকিব। মঞ্চ পরিকল্পনা করেছেন তানজিকুন এবং মঞ্চ অধিকর্তা শ্রাবণ শামীম ।
নাটক প্রদর্শনীর পর দ্বিতীয় পর্বে ‘মনো সামাজিক বিশ্লেষণ ও বর্তমান’ নিয়ে মানসিক স্বাস্থ্যবিষয়ক আলোচনায় অংশ নেন অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব।
প্রাচ্যনাট থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, আগামী ৩ অক্টোবর পর্যন্ত শুক্র ও শনিবার সন্ধ্যা সোয়া সাতটায় নাটকের প্রদর্শনী হবে নাট্যমেলায়। প্রতি প্রদর্শনীতে ২০জন দর্শক নাটক দেখার সুযোগ পাবে। টিকিট মূল্য: ২০০/- (দুইশত টাকা)। টিকিটের জন্য যোগাযোগঃ ০১৭৯০১০৫০৪০ এই নম্বরে।
