দিনাজপুরে খালিদ মাহমুদ

ইউএনওর ওপর হামলাকারীদের বিচার হবে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ০২:৫২ এএম

দিনাজপুরের ঘোড়াঘাটে আহত ইউএনওর বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘ইতিমধ্যে প্রধানমন্ত্রী বলেছেন প্রয়োজনে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো হবে। চিকিৎসার পাশাপাশি ইউএনওর ওপর হামলাকারীদের বিচার নিশ্চিত করা হবে।’

গতকাল শুক্রবার দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সরকারের ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। পৃথিবীর অন্যতম অগ্রসরমান অর্থনীতির নাম বাংলাদেশ। আর এ অগ্রসরমান অর্থনীতির চাকা সচল রাখতে আওয়ামী লীগ সরকারের ইশতেহার বাস্তবায়নে কাজ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এসব কর্মকর্তা-কর্মচারীর ওপর যখন হামলা হয় তখন সরকার বসে থাকবে না। অপরাধীরা যত শক্তিশালীই হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে এসে বিচার করা হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত