নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী নকল করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় শতকোটি টাকার নকল প্রসাধনী জব্দ ও কারখানাটি সিলগালা করা হয়েছে। আটক করা হয়েছে কারখানার মালিকসহ ৭ জনকে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে র্যাব-৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান চালানো হয় মুন স্টার মার্কেটিং (প্রা.) লিমিটেড কারখানায়।
আটকরা হলেন কারখানার মালিক মো. বেলায়েত হোসেন, অপারেটর মো. মাঈনুল ইসলাম, আমিনুল ইসলাম, সোহাগ, সিরাজুল ইসলাম, রাজিব জোনায়েদ ও সেলসম্যান কাউসার।
ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বলেন, র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মুন স্টার মার্কেটিং (প্রা.) লিমিটেড কারখানায় বিএসটিআইর অনুমোদন ও লাইসেন্স ছাড়া অবৈধভাবে বিভিন্ন দেশের নামিদামি কোম্পানির তৈরি বডিস্প্রে ফগ, কোবরা, সিগনেচারসহ ২০-৩০ ধরনের প্রসাধনী নকল করে মেয়াদহীন কেমিক্যাল দ্বারা তৈরি করে বাজারজাত করছে। এ ছাড়া কারখানাটি এলইডি, সনি, প্যানাসনিক, এলজিসহ বিভিন্ন ব্র্যান্ডের টিভি নকল করে বিক্রি করে আসছে।
