১৮০ নমুনার সব পজিটিভ পরীক্ষা স্থগিত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৯ এএম

দিনাজপুরে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আরটিপিসিআর মেশিনে করোনার ১৮০টি নমুনা পরীক্ষায় সবই পজিটিভ এসেছে। গত বৃহস্পতিবার এ রিপোর্ট আসার পর কর্র্তৃপক্ষ পরীক্ষা আপাতত স্থগিত রেখেছে।

এ বিষয়ে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুছ বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত নমুনা পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ঢাকা থেকে একটি দল এসে আরটিপিসিআর মেশিন মেরামতের পর পরীক্ষা শুরু হবে। তবে সংগ্রহে থাকা নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

সংশ্লিষ্টরা জানান, এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আরটিপিসিআর মেশিনে বৃহস্পতিবার প্রথম দফায় ৯০টি নমুনা পরীক্ষা করে সবই কভিড-১৯ পজিটিভ আসে। পরে আরও ৯০টি নমুনা পরীক্ষা করলে সেগুলোও পজিটিভ আসে। ল্যাব সংশ্লিষ্টরা জেলা সিভিল সার্জনকে বিষয়টি জানালে তিনি ঢাকায় যোগাযোগ করেন। সেখান থেকে পরামর্শ আসার পর নমুনা পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেন সিভিল সার্জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত