জিজ্ঞাসাবাদের পর যুবলীগ নেতা জাহাঙ্গীরকে ছেড়ে দিল র‌্যাব

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৯ এএম

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে (৪২) আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। র‌্যাব সদস্যরা জাহাঙ্গীর আলমকে গতকাল সকালে তার নিজের বাসা থেকে আটক করে। ইউএনওর ওপর হামলার ঘটনায় জাহাঙ্গীরের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছে র‌্যাব।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রংপুর নগরীতে র‌্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৩ অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস বলেন, ‘পর্যাপ্ত জিজ্ঞাসাবাদের পর জাহাঙ্গীর আলমকে ছেড়ে দেওয়া হয়েছে। ইউএনওর ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

যুবলীগ নেতা জাহাঙ্গীরের বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে প্রয়োজনে আবারও যেকাউকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।

জাহাঙ্গীর আলম রানীগঞ্জের কশিগাড়ী এলাকার আবুল কালামের ছেলে ও উপজেলা যুবলীগের আহ্বায়ক ছিলেন। আটকের পর তাকে গতকাল দুপুরে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল। জাহাঙ্গীর ২০১৭ সাল থেকে ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত