ইউএনওদের নিরাপত্তা

বাসভবনে আনসার মোতায়েন শুরু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৫ এএম

ইউএনওদের নিরাপত্তায় বিভিন্ন উপজেলায় তাদের বাসভবনে আনসার সদস্য মোতায়েন শুরু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দিনাজপুরের পার্বতীপুর ও গতকাল শুক্রবার বরগুনার ছয় উপজেলয় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে পার্বতীপুরে সশস্ত্র পাঁচজন ও বরগুনায় ছয় উপজেলায় ২৪ জন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

গত বুধবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার পর গত বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আনসার সদস্য নিয়োগের ঘোষণা দেন। ওইদিন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ইউএনও ওয়াহিদা খানমকে দেখে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী সপ্তাহের মধ্যে ইউএনওদের বাড়িতে পাহারা দেওয়ার মতো আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ দেওয়া হবে।’ এর মধ্যেই ইউএনওদের বাসভবনে আনসার মোতায়েনের খবর পাওয়া গেল।

গতকাল বরগুনা জেলার ছয় উপজেলা ইউএনওদের নিরাপত্তায় অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডারসহ ২৪ জন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। দুপুরে জেলার আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সোলায়মান বিষয়টি নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার রাত থেকে এসব সরকারি ভবনে তাদের মোতায়েন করা হয়।

বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী গতকাল রাত থেকেই আমার বাসভবনের সামনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের ১৭টি বিভাগের সমন্বয়সহ মোবাইল কোর্ট পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করতে হয়। এ কারণে কিছু অসাধু মানুষ আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে ক্ষতিসাধন করতে পারে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক যে নিরাপত্তার উদ্যোগ নেওয়া হয়েছে তাতে আমরা সন্তুষ্ট, তবে এ বিষয়ে কোনো সরকারি নির্দেশনা আমরা পাইনি।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলার ঘটনায় বরগুনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। আনসার কমান্ড্যান্ট থেকে সরকারি নির্দেশনা মোতাবেক অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বলা হয়েছে বলেও তিনি জানান।

এ বিষয়ে জেলা আনসার ও ভিডিপি বরগুনা জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সোলায়মান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী বরগুনার ৬টি উপজেলায় ইউএনওদের নিরাপত্তায় বৃহ¯পতিবার রাত থেকে ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়। পরে শুক্রবার ১ জন অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডারসহ তিনজন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা ইউএনদের নিরাপত্তায় সর্বোচ্চ সচেষ্ট রয়েছি।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভবন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে ইউএনওর কার্যালয় ও বাসায় সশস্ত্র পাঁচ আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার উপজেলা পরিষদের পাশে ইউএনওর বাসভবনের সামনে গিয়ে দেখা যায়, থ্রি নট থ্রি রাইফেল নিয়ে বাসভবনের প্রধান ফটকে চার আনসার সদস্য পাহারায় রয়েছেন।

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শাহনাজ মিথুন মুন্নী বাসভবন ও প্রশাসনিক ভবনের নিরাপত্তায় আনসার সদস্য সশস্ত্র অবস্থায় দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত