আইপিএলেও ধারাভাষ্য দেওয়া হবে না মাঞ্জরেকারের

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৯ এএম

একাধিকবার বিতর্কিত মন্তব্যের জেরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছেন সঞ্জয় মাঞ্জরেকার। দেশটির সাবেক এই ক্রিকেটার দুইবার বোর্ডকে চিঠি লিখে অনুরোধ করেছিলেন তাকে যেন ধারাভাষ্য প্যানেলে ফিরিয়ে আনা হয়। কিন্তু বিসিসিআই নিজেদের সিদ্ধান্তে অনড়। তাইতো আসছে আইপিএলেও মাইক্রোফোন হাতে দেখা যাবে না মাঞ্জরেকারকে।

ভারতীয় সংবাদমাধ্যমের দেওয়া খবর অনুযায়ী, আইপিএলের জন্য বিসিসিআই সাতজনের যে তালিকা তৈরি করেছে ধারাভাষ্যকারদের, তাতে নেই মাঞ্জরেকারের নাম।

মুম্বাই মিররের রিপোর্ট অনুসারে, সংযুক্ত আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর শুরু হতে চলা আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে সুনীল গাভাস্কার, অঞ্জুম চোপড়া, হার্শা ভোগলে, দীপ দাশগুপ্ত, রোহান গাভাস্কার, মুরালি কার্তিক ও লক্ষ্মণ শিবরামকৃষ্ণাণের নাম চূড়ান্ত করেছে বোর্ড। তারা সবাই আরব আমিরাতে যাবেন এবং মাঠ থেকে ধারাভাষ্য দেবেন।

১৯৯৬ সালে ক্রিকেটকে বিদায় বলার পর মাঞ্জরেকার ধারাভাষ্য শুরু করেন। ধারাভাষ্যকার হিসেবে দারুণ জনপ্রিয় হলেও সম্প্রতি বেশ ক’বার বিতর্কে জড়িয়েছেন তিনি।

বিশেষ করে ইংল্যান্ড বিশ্বকাপের সময় রবীন্দ্র জাদেজার সঙ্গে টুইটারে তার বেশ ঠোকাঠুকিই হয়েছে। এরপর বাংলাদেশের বিপক্ষে দিবারাত্রির টেস্টে আরেক ধারাভাষ্যকার হার্শা ভোগলেকে হেয় করে কথা বলেছিলেন মাঞ্জরেকার। শেষ পর্যন্ত গত মার্চে তাকে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেয় বিসিসিআই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত