বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির পক্ষে আজ রবিবার তার আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করবেন। বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে সকাল ১০টায় এই যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।
গতকাল শনিবার মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম জানান, রিফাত হত্যা মামলায় প্রধান সাক্ষী থেকে আসামি হওয়া মিন্নির পক্ষে তারা যুক্তিতর্ক উপস্থাপনের প্রস্তুতি নিয়েছেন। তাদের সঙ্গে মিন্নির পক্ষে ঢাকার আইনজীবীরাও অংশ নেবেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ভুবন চন্দ্র হাওলাদার বলেন, ‘মিন্নির মাধ্যমে এই মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে। এরপর স্বল্পসময়ের মধ্যে বিচারক রায় দেবেন বলে আমরা আশাবাদী।’
২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ সময় স্ত্রী মিন্নি তাকে রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রিফাতকে মৃত ঘোষণা করেন।
গত বছরের ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিভক্ত অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১ নম্বর আসামি নয়ন বন্ড কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
গত ১ জানুয়ারি বরগুনার জেলা ও দায়রা জজ আদালত প্রাপ্তবয়স্ক ১০ এবং শিশু আদালত অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক। মিন্নিসহ অপ্রাপ্তবয়স্ক ৮ আসামি জামিনে। আর বাকি আসামিরা কারাগারে রয়েছেন।
