দায়ীদের শাস্তি না হওয়ায় দুর্ঘটনা বাড়ছে : ফখরুল

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫১ এএম

দায়ী ব্যক্তিদের শাস্তি না হওয়ায় দেশে দুর্ঘটনার মাত্রা বহুগুণে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘দায়ী ব্যক্তিদের বিচার হয় না বলেই দুর্ঘটনার মাত্রা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সরকারের অব্যবস্থাপনা ও সুশাসনের অভাবেই দেশের সর্বত্রই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কোথাও কোনো জবাবদিহি নেই। অসাধু মানুষরা অনাচারে লিপ্ত হতে দ্বিধা করছে না। আমরা এক দুঃসময়ে বাস করছি। প্রতিদিন মুত্যুর সংবাদই যেন গণমাধ্যমের একমাত্র সংবাদ শিরোনাম।’

তিনি আরও বলেন, নানাবিধ কারণে কেন এত দুর্ঘটনা ও মানুষ হতাহত হচ্ছে তা খতিয়ে দেখে প্রতিকার করার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই বারবার দুর্ঘটনায় মানুষের মৃত্যুকে যেন খুবই স্বাভাবিক ঘটনা হিসেবে প্রতিষ্ঠিত করা হচ্ছে।

মির্জা ফখরুল নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনা করেন। এ ছাড়া নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত