ঢাকা-নওগাঁয় উপনির্বাচনে অংশ নেবে বিএনপি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৫ এএম

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামীকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হবে। গতকাল শনিবার রাতে দলের স্থায়ী কমিটির এক ভার্চুয়াল বৈঠক শেষে দলটির একাধিক সদস্য দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন।

এদিকে ঢাকা-৫, ১৮, সিরাজগঞ্জ-১ ও নওগাঁ-৬ সংসদীয় চার আসনের উপ নির্বাচনে আগামী শনিবার বিকালে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে দলের পার্লামেন্টারি বোর্ড। গতকাল সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

গতকাল স্থায়ী কমিটির বৈঠকের পর একাধিক সদস্য বলেন, উপনির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আগেই হয়েছে। এখন ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে বিএনপি অংশ নেবে। এছাড়া দিনাজপুরের ইউএনও ওয়াহিদা খানমের ওপর বর্বরোচিত হামলা ও নারায়ণগঞ্জের মসজিদে অগ্নিকা-ের ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানানো হয়েছে বৈঠকে। একই সঙ্গে বৈঠকে দায়ীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা।

ভার্চুয়াল এ বৈঠকে লন্ডন থেকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার

মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার প্রার্থীদের সাক্ষাৎকার : ঢাকা-৫, ১৮, সিরাজগঞ্জ-১ ও নওগাঁ-৬ সংসদীয় চার আসনের উপ নির্বাচনে আগামী শনিবার বিকালে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে দলের পার্লামেন্টারি বোর্ড। এর আগে মঙ্গল-বুধবারের মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দলীয় ফরম তুলতে পারবেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। এরপর শনিবার দলের পার্লামেন্টারি বোর্ডে একক প্রার্থী চূড়ান্ত করা হবে। দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত