স্পিন নয়, পেস দিয়ে বাংলাদেশকে ঘায়েলের পরিকল্পনা করছে শ্রীলঙ্কা। দেশটির প্রধান নির্বাচক ও টিম ম্যানেজার অশান্ত ডি মেল এমনটাই জানিয়েছেন স্থানীয় সংবাদমাধ্যমকে।
এমনিতে নিজেদের মাঠে স্পিনই ছিল শ্রীলঙ্কার বড় শক্তি। অতিতে তাই স্পিন ট্র্যাক উইকেট করেই প্রতিপক্ষকে ঘায়েলের পরিকল্পনা করেছে তারা। তবে মুত্তিয়া মুরালিধরনের পর রঙ্গনা হেরাথও এখন অবসরে। স্পিনে তাদের আগের সেই ঝাঁজটা তাই নেই। বাংলাদেশের বিপক্ষে তাই পেস দিয়েই আক্রমণ সাজানোর পরিকল্পনা তাদের।
শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক দ্য আইল্যান্ডকে ডি মেল বলেছেন, ‘আমরা বাংলাদেশকে গতি দিয়েই হারাতে চাচ্ছি। এটা নিশ্চিত যে দলে স্পিনারের আধিক্য থাকবে না।’
এমন ভাবনার ব্যাখ্যাও দিয়েছেন মেল, ‘আমাদের শক্তি এ মুহূর্তে পেস আক্রমণ। বাংলাদেশ দলে বেশ কিছু ভালো স্পিনার থাকবে। তবে পেস আক্রমণই আমাদের দলের শক্তি। আমরা আমাদের শক্তির পূর্ণ ব্যবহার করতে চাই।’
দ্য আইল্যান্ড জানিয়েছে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ২৩ সদস্যের স্কোয়াড নিশ্চিত হওয়ার কথা। যদিও দেশটির বোর্ড এখনো এমন ঘোষণা দেয়নি।
শ্রীলঙ্কা সফরে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। সিরিজটি সামনে রেখে সেপ্টেম্বরের শেষ দিকে শ্রীলঙ্কার বিমান ধরবে টাইগাররা। দ্বীপ দেশটিতে এক মাসের প্রস্তুতি পর্ব শেষে মূল সিরিজ শুরু করবে। জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা যাবে বিসিবি এইচপি দলও।
তিনি টেস্টের সিরিজ চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক সূচি এখনো ঘোষিত হয়নি। তবে ২৪ অক্টোবর প্রথম টেস্ট শুরু হবে বলে খবর।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত ২০ টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। ১৬টিতেই জিতেছে শ্রীলঙ্কা।
তবে ২০১৭ সালে সবশেষ শ্রীলঙ্কা সফরে ১-১ এ সিরিজ ড্র হয়েছিল। বাংলাদেশ নিজেদের শততম টেস্ট জয়ে রাঙিয়েছিল সেবার।
