মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি ইউনিটধারীদের মেইলেও তা পাঠানো বাধ্যতামূলক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এছাড়া প্রান্তিক প্রতিবেদনের পাশাপাশি হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদনও নির্ধারিত সময়ে এসইসিতে জমা দিতে হবে। মিউচুয়াল ফান্ডে স্বচ্ছতা নিশ্চিতে সম্পদ ব্যবস্থাপক, ট্রাস্টি, কাস্টোডিয়ান ও উদ্যোক্তাদের তহবিল সংক্রান্ত নানা তথ্য প্রকাশে এমন বাধ্যবাধকতা আরোপ করে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে এসইসি।
প্রজ্ঞাপন অনুসারে, প্রত্যেক মিউচুয়াল ফান্ডের প্রান্তিক শেষ হওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে ওই ফান্ডের টাকায় কী কী শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনা হয়েছে সে সংক্রান্ত পোর্টফোলিও বিবরণী ইউনিটধারীদের কাছে পাঠাতে হবে। পাশাপাশি ওই বিবরণী অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ওয়েবসাইটেও তা প্রকাশ করতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, হিসাব বছর শেষ হওয়ার ৩ মাসের মধ্যে প্রত্যেক মিউচুয়াল ফান্ডের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের কপি, সমন্বিত আয়ের বিবরণ, তারল্য প্রবাহ সংক্রান্ত বিবরণী ইত্যাদি এসইসিতে জমা দিতে হবে। আর অর্ধবার্ষিক হিসাব শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে এর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন কমিশনে জমা দিতে হবে। প্রতি প্রান্তিক শেষে সংশ্লিষ্ট মিউচুয়াল ফান্ডের সম্পদমূল্য পরিবর্তন সংক্রান্ত প্রতিবেদন প্রান্তিক শেষের পরবর্তী ৩০ দিনের মধ্যে এসইসিতে জমা দিতে হবে। প্রত্যেক মিউচুয়াল ফান্ডের প্রান্তিক শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে এবং অর্ধবার্ষিক হিসাব শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
