আর্থিক ব্যয় মঞ্জুরিতে নিয়ম মানা হচ্ছে না

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০১:১৬ এএম

বিভিন্ন কার্যালয় থেকে হিসাবরক্ষণ অফিসে দাখিলকৃত বিলগুলোয় বিধিবিধান মানা হচ্ছে না। তাই বিধিবিধান মোতাবেক আর্থিক বা ব্যয় মঞ্জুরি আদেশ জারির বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করার জন্য নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়।

সম্প্রতি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে আর্থিক ব্যয় মঞ্জুরি প্রদানের এ নির্দেশনাপত্র সংশ্লিষ্টদের দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন কার্যালয় থেকে হিসাবরক্ষণ অফিসে দাখিলকৃত বিলে কতিপয় বিধিবিধান প্রতিপালনের ক্ষেত্রে ব্যত্যয় পরিলক্ষিত হচ্ছে। যেমন আর্থিক ক্ষমতা অর্পণসংক্রান্ত সর্বশেষ প্রযোজ্য আদেশের সংশ্লিষ্ট বিধানের উল্লেখ না করেই মঞ্জুরি প্রদান করা। প্রযোজ্য নির্দিষ্টকরণ আইন অনুযায়ী, সংশ্লিষ্ট অর্থবছরের আর্থিক মঞ্জুরি প্রদান না করা। উদাহরণস্বরূপ কোনো কোনো অফিস থেকে ২০১৯-২০ অর্থবছরে বিল দাবি করে মঞ্জুরির ক্ষেত্রে ২০১৮-১৯ অর্থবছর উল্লেখ করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরের বাজেট থেকে আর্থিক মঞ্জুরি দেওয়া হয়েছে। জিএফআর ৫৮-এ উল্লিখিত ‘সুনির্দিষ্টভাবে নবায়ন করা না হলে কোনো নতুন ব্যয়ের জন্য প্রদত্ত মঞ্জুরি বছর অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তামাদি হয়ে যাবে।’

জিএফআর ৫০ অনুযায়ী, সরকারের মন্ত্রণালয় বা বিভাগ হিসেবে কোনো মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক ইহার নিজস্ব আর্থিক ক্ষমতার মধ্যে জারিকৃত সব আর্থিক মঞ্জুরি ও আদেশ সরাসরি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসারকে অবহিত করা হইবে। কিন্তু বিল দাখিলের সময়ের সঙ্গে সংশ্লিষ্ট কার্যালয় কর্তৃক সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তাকে সম্বোধন না করে কেবল অফিস আদেশের কপি সংযুক্ত করা হয় যা কোনোভাবেই জিএফআরের উপরিউক্ত বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত