বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩১তম মৃত্যুবার্ষিকী ও ‘ডায়াবেটিস সেবা দিবস’ পালিত হয়েছে গতকাল রবিবার। করোনা মহামারীর কারণে এবারের কর্মসূচি কিছুটা ভিন্নভাবে পালিত হয়েছে বলে সমিতির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল ৮টায় রাজধানীর বনানী কবরস্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডা. ইব্রাহিমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া গত শনিবার থেকে দিনব্যাপী ‘বাডাস ভার্চুয়াল ডায়াবেটিস কনফারেন্স’ শুরু হয়েছে। এতে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) বর্তমান সভাপতি প্রফেসর অ্যান্ড্রু বলটন ও আইডিএফের সভাপতি (নির্বাচিত) অধ্যাপক আখতার হোসেন বক্তব্য দেন। এতে আরও বক্তব্য দেন অধ্যাপক সমর ব্যানার্জি, অধ্যাপক এম এ বাসিত, অধ্যাপক তৃষা ডানিং, ডা. ডগলাস ভিলারয়েল, ডা. দেবাশিস বসু প্রমুখ।
এ ছাড়া গতকাল দুপুর দেড়টায় বাডাসের অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে ভার্চুয়াল পদ্ধতিতে ‘ইব্রাহিম মেমোরিয়াল ওরেশন’ অনুষ্ঠিত হয়।
