চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের মানববন্ধন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০১:০২ পিএম

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ১৮ মাস পেরিয়ে গেলেও এখনো তার কোনো সুষ্ঠু তদন্ত প্রতিবেদন ও দায়ীদের শাস্তি না পাওয়ায় মানববন্ধন করেছেন ওই ঘটনায় হতাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শুক্রবার নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এই ঘটনায় দায়ীদের বিচার দাবি করেন তারা।

চুড়িহাট্টায় আহত শেখ মাহমুদ জয়ের ছেলে আজিজুল হাকিম বলেন, আমরা চুড়িহাট্টার ঘটনায় বিচার চাওয়ার জন্য আজ এই মানববন্ধন করছি। যেই ওয়াহেদ মেনশনে এই ঘটনা ঘটেছিল সেই বাড়ির মালিককেও বিচারের আওতায় আনা হয়নি। এখনও তাদের কোনো বিচার পাইনি, কারোই কোনো শাস্তি হয়নি। সেই ঘটনার বিচারের দাবিতে ও নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আমরা এখানে আজ জড়ো হয়েছি।

মানববন্ধনে চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে নিহত ওয়াসি উদ্দিন মাহিবের ছোট ভাই মো. আশিক উদ্দিন সৈনিক বলেন, আমাদের মানববন্ধনের মূল দাবি হলো চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ মাস পেরিয়ে গেলেও এখনো কোনো তদন্ত রিপোর্ট পাইনি। দায়ী কোনো ব্যক্তির শাস্তিও হচ্ছে না এখনো। সেই একই রকম ঘটনার পুনরাবৃত্তি নারায়ণগঞ্জের বিস্ফোরণ। এই ঘটনার যাতে সুষ্ঠু তদন্ত হয়ে বিচার হয় এই দাবি আমাদের।

তিনি বলেন, আমরা এই ঘটনায় কাউকে টাকা দিয়ে সহায়তা করতে পারবো না, তবে রক্ত দিয়ে হলেও তাদের সাহায্য করবো, এ জন্যই আমাদের এই সংস্থার নাম দিয়েছি চকবাজার অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবার সংস্থা।

মানববন্ধনে অংশ নেওয়া ইতি আক্তার চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে হারিয়েছেন স্বামী, সন্তান ও দেবরকে। তিনি বলেন, স্বামী-সন্তান সবাইকে হারিয়ে আমি আজ নিঃস্ব। আমরা এখনো সেই ঘটনার কোনো বিচার পাচ্ছি না। সান্ত্বনা হিসেবে আমাদের ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের একজন করে সদস্যকে দক্ষিণ সিটি করপোরেশনে পরিচ্ছন্নতা কর্মীর চাকরি দিয়েছে। আর কোনো ক্ষতিপূরণ দেয়নি কেউ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত