সত্যি হলো নোবেলের স্বপ্ন!

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৫ পিএম

ভারতীয় রিয়্যালিটি শো থেকে তারকা বনে যাওয়া মাঈনুল আহসান নোবেল প্রায়ই আলোচনার খোরাক জোগান। হোক মজার, ‘বিতর্কিত’ মন্তব্য অথবা গান!

এবার নোবেল তার ভ্যারিফায়েড ফেইসবুকে জানালেন, তার স্বপ্ন সত্য হয়েছে। যার সঙ্গে জুড়ে আছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।

একটি ভিডিও শেয়ার করে নোবেল রবিবার লেখেন, “ড্রিম কামস ট্রু।” সেখানে গিটার বাজিয়ে আসিফের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মেলালেন নোবেল।

মূলত জনপ্রিয় গানের কাভার করে আলোচনায় আসেন এ গায়ক। জুটিয়েছেন বড় একটি ভক্ত শ্রেণি। ইউটিউবে তার গানগুলো শুনেছে লাখ লাখ শ্রোতা। এর মধ্যে অন্যতম আসিফের জনপ্রিয় গান ‘কখনো মাঝে মাঝে’র কাভার। সেই গানটিই দুজনের কণ্ঠে শোনা গেল নোবেলের শেয়ার করা ভিডিওতে।

আর ভিডিওটি ধারণ করেছেন নোবেল স্ত্রী সালসাবিল মাহমুদ।

ভিডিওটি পছন্দ করেছেন নোবেলের ভক্তরা। মন্তব্য পড়েছে ছয়শ’র কাছাকাছি, যার বেশির ভাগই প্রশংসার। এর মধ্যে একজন লিখেছেন, “আজ সকালে এত সুন্দর একটা সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছিল ভাবতেই ভালো লাগছে। আমার দুই ফেবারিট সিঙ্গার আর গানটাও আমার অনেক ফেবারিট। এভাবেই এগিয়ে যাও তোমরা। আর শ্রদ্ধেয় আসিফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ নোবেলকে সব সময় সাপোর্ট দেয়ার জন্য। আপনাদের জন্যে শুভকামনা রইলো।”

সপ্তাহ তিনেক আগে প্রকাশ হয়েছে নোবেলের দ্বিতীয় মৌলিক গান। ‘ও শ্রাবণ’ শিরোনামের সিঙ্গেলটি তিন লাখের বেশিবার দেখা হয়েছে ইউটিউবে। অবশ্য এর আগের গান ‘তামাশা’ দেখা হয়েছে ২৮ লাখবার, কিন্তু নেতিবাচক প্রচারণার জেরে ডিজলাইক পেয়েছে পাঁচ লাখের কাছাকাছি, আর লাইক ছিল ৪৭ হাজার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত