ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে কাজী মনিরুল ইসলাম মনু ও নওগাঁ-৬ আসনে মো. আনোয়ার হোসেনকে (হেলাল) মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল সোমবার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের নাম ঘোষণা করা হয়। আগামী ১৭ অক্টোবর এই দুই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দিন রেখেছে নির্বাচন কমিশন।
কাজী মনিরুল ইসলাম মনু রাজধানীর যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি। আর আনোয়ার হোসেন হেলাল নওগাঁর রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সংসদীয় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে কাজী মনিরুল ইসলাম মনু এবং নওগাঁ-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে মো. আনোয়ার হোসেন হেলালকে মনোনয়ন প্রদান করেছেন।
ঢাকা-৫ আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন মো. হারুন-উর-রশীদ, প্রয়াত হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর রহমান সজল মোল্লা, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, হারুনুর রশীদ মুন্না ও কাজী মনিরুল ইসলাম মনু।
সাংসদ হাবিবুর রহমান মোল্লা ও ইসরাফিল আলমের মৃত্যুতে ঢাকা-৫ ও নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনটি শূন্য হয়।
