বাংলাদেশ পুলিশের সব মোবাইল নাম্বার একই সিরিজের আওতায় আনা হচ্ছে। গতকাল সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশ এবং গ্রামীণফোনের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশে বর্তমানে বিভিন্ন সিরিজের মোবাইল নাম্বার ব্যবহৃত হচ্ছে। এর ফলে এসব মোবাইল নাম্বারের যথার্থতা নিয়ে পুলিশ সদস্য এবং জনগণেরও মধ্যেও বিভ্রান্তি দেখা দিচ্ছে। যার কারণে পুলিশের কার্যক্রম বিঘিœত হচ্ছে এবং জনগণের কাক্সিক্ষত সেবা প্রদান বিলম্বিত হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান। পুলিশের পক্ষে এআইজি (প্রশাসন) মো. মাসুদুর রহমান এবং গ্রামীণফোনের পক্ষে চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান চুক্তি স্বাক্ষর করেন।
সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নপূরণে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা পুলিশকে একটি প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। জনগণকে স্বল্পতম সময়ে সর্বোত্তম সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক গড়ে তোলা হবে। গ্রামীণফোনের সহযোগিতায় পুলিশের মোবাইল কমিউনিকেশন সিস্টেমকে একই সিরিজের আওতায় আনতে কাজ করছি। আমাদের প্রয়োজন নিরবচ্ছিন্ন সিকিউরড শক্তিশালী মোবাইল নেটওয়ার্ক।
এ সময় তিনি মোবাইল নেটওয়ার্ক প্রদানে সহযোগিতা করার জন্য বিটিআরসির চেয়ারম্যান, গ্রামীণফোনের সিইওসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। অন্যদিকে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে করোনাকালে পুলিশের অনবদ্য অবদানের ভূয়সী প্রশংসা করেন।
