বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের মা মালেকা বেগম (৯৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার মৌটুপি গ্রামের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মালেকা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মালেকা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোক বার্তায় তারা মালেকা বেগমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতা, রক্তশূন্যতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সেনাবাহিনীর সহযোগিতায় গত ২০ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়। সেখানেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে ৩ সেপ্টেম্বর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এর পাঁচ দিনের মাথায় তার মৃত্যু হলো।
গতকাল বাদ আসর আলীনগর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে বীরমাতার মৃত্যুতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে।
