অস্ত্র আইনে করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে গতকাল মঙ্গলবার তা শেষ হয়। এ নিয়ে গত ছয় কার্যদিবসে মোট ১৪ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য নেওয়া হলো।
এদিন মামলার সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা র্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামানকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী সাখাওয়াত উল্লাহ ভূঁইয়া। তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ বুধবার আসামিদের আত্মপক্ষ শুনানির দিন ধার্য করেছে।
গত ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলার চার্জশিট জমা দেন। ১৮ আগস্ট একই আদালত দুই আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে।
