ঊনবিংশ শতকের শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বি-শত জন্মবার্ষিকীকে সামনে রেখে ঐতিহ্য প্রকাশ করছে ৪ খণ্ডের রচনাবলি।
সংস্কৃত ভাষা ও সাহিত্যের পাণ্ডিত্যের জন্য বিদ্যাসাগর উপাধি লাভ করেন ঈশ্বরচন্দ্র। সংস্কৃত ছাড়াও বাংলা এবং ইংরেজি ভাষায় অগাধ ব্যুৎপত্তি ছিল তার। তিনি প্রথম বাংলালিপি সংস্কার করে সেটাকে যুক্তিবহ ও অধিকতর বোধগম্য করে তোলেন। এ জন্যই তাকে বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার হিসেবে বিবেচনা করা হয়।
জীবদ্দশায় তিনি রচনা করেছেন অসংখ্য জনপ্রিয়; রচনা তার মধ্যে একাধিক পাঠ্যপুস্তক, শিশুপাঠ্য বর্ণপরিচয়, সংস্কৃত ব্যাকরণ, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ গ্রন্থসহ অসংখ্য বই।
২৬ সেপ্টেম্বর এই কালজয়ী গদ্যকারের দ্বি-শত জন্মবার্ষিকী। এই দিন প্রকাশিত হবে ৪ খণ্ডে ‘ঐতিহ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-রচনাবলি’।
প্রকাশনা সংস্থাটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুরুতে এই রচনাবলি আগ্রহী পাঠকগণ অগ্রিম বুকিং এবং কিস্তি সুবিধা আওতায় সংগ্রহ করতে পারবেন ‘অকল্পনীয় কম মূল্যে’। ২৬ সেপ্টেম্বর থেকেই পাঠকদের মাঝে বিতরণ শুরু হবে।
ঐতিহ্য দুই দশকের পথ চলায় প্রকাশ করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশসহ ৫০ হাজার পৃষ্ঠার বেশি বাংলা সাহিত্যের কালজয়ী লেখকদের রচনাবলি।
