শেষ টি-টোয়েন্টি খেলতে ‘আতঙ্কিত ছিলেন’ সরফরাজ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৭:২৬ পিএম

ইংল্যান্ড সফরে শুরু থেকেই পাকিস্তানের একাদশে উপেক্ষিত ছিলেন সরফরাজ আহমেদ। দেশটির সাবেক এই অধিনায়ক তিন ম্যাচের টেস্ট সিরিজ পুরোটাই কাটিয়েছেন বেঞ্চে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেও তাই। তবে শেষ টি-টোয়েন্টিতে একাদশে সুযোগ দেওয়া হয় তাকে। কিন্তু সেই ম্যাচে মাঠে নামার আগে ‘আতঙ্কিত ছিলেন’ সরফরাজ।

সরফরাজের এই আতঙ্কিত থাকার কথাটা স্বীকার করেছেন পাকিস্তান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক। দেশটির সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়, শেষ টি-টোয়েন্টিতে খেলার প্রস্তাব ফিরিয়ে দেন সরফরাজ। পরে প্রধান কোচ মিসবাহ, ব্যাটিং কোচ ইউনিস খান ও অধিনায়ক বাবর আজমের সঙ্গে আলোচনার পর খেলতে রাজি হন।

গত সোমবার লাহোরে মিসবাহর সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠলে তিনি বলেন, ‘সে (সরফরাজ) খেলার প্রস্তাব ফিরিয়ে দেয়নি। তবে হ্যাঁ, সফরের শেষ ম্যাচ খেলতে বলায় তার মধ্যে প্রতিক্রিয়া ও আশঙ্কা ছিল।’

সরফরাজের এই আশঙ্কার কারণ অন্য কিছু নয়। পুরো সিরিজে উপেক্ষিত থাকার পর এক ম্যাচে সুযোগ পেয়ে যদি সেটি নিজের পক্ষে না যায়, তবে তা হিতে বিপরীত হবে। এমনই ভাবনা ছিল তার।

তবে মিসবাহ বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন। নিজেকে সরফরাজের জায়গায় বসিয়ে বলছেন, ‘যদি আমি তার অবস্থানে থাকতাম, আমিও একইভাবে অনুভব করতাম। একটা সফরে একজন খেলোয়াড় যদি আগের ম্যাচগুলো না খেলার পর শেষ ম্যাচে সুযোগ পায়, তবে সে আতঙ্কিত ও অনিশ্চিত বোধ করে।’

পাকিস্তানের সংবাদমাধ্যমে খবর, ম্যাচটির আগে যখন নেটে প্র্যাকটিস করেন সরফরাজ, তখনো তিনি জানতেন না শেষ ম্যাচটা খেলবেন।

শেষ পর্যন্ত ম্যাচটা সরফরাজ খেলেছিলেন। মিসবাহ, ইউনিস, বাবরের সঙ্গে আলোচনায় তাকে আশ্বস্তই করা হয়েছিল। সরফরাজ অবশ্য ব্যাট করার সুযোগই পাননি। তবে ম্যাচে চাপের মুহূর্তে তাকে অধিনায়ক বাবরের সঙ্গে কথা বলতে দেখা যায়। ম্যাচটি পাকিস্তান জিতে সফর শেষ করে। তবে টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও হেরেছিল তারা।

৩৩ বছর বয়সী সরফরাজ মিসবাহর কাছ থেকে অভয় পেলেও তিনি যে উইকেটকিপার হিসেবে প্রথম পছন্দ নন, সেটিও বলে দিয়েছেন মিসবাহ। মোহাম্মদ রিজওয়ানই উইকেটকিপার হিসেবে প্রথম পছন্দ মিসবাহর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত