২০২১ সালেই হবে অলিম্পিক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৯ পিএম

করোনা মহামারির জন্য এক বছর পিছিয়ে গিয়েছে টোকিও অলিম্পিক। ২০২০ সালের অলিম্পিক গেমস হবে ২০২১ সালে। তবে সেই সময় করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা, তা নিয়ে ঘোর সংশয়ে রয়েছে আয়োজকরাই। এই অবস্থায় টোকিও গেমসের ভবিষ্যৎ ঘিরে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তা কিছুটা কেটে গেল আইওসির ঘোষণায়।

আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক বা না আসুক, তাতে টোকিও অলিম্পিক আর পেছানো হবে না কোনোভাবেই। অর্থাৎ, করোনা থাক বা না থাক, টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হবে পরিবর্তিত সূচি অনুযায়ী।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ভাইস প্রেসিডেন্ট জন কোটস সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘করোনা থাক বা না থাক, টোকিও গেমস আয়োজিত হবেই। আগামী বছর ২৩ জুলাই গেমস শুরু হবে।’

তিনি আরো বলেন, ‘অলিম্পিক গেমস সুনামির পরে পুনর্গঠনের ছবি তুলে ধরত। এখন অলিম্পিক গেমস করোনা জয় করার বার্তা দেবে। অন্ধকার সুড়ঙ্গের শেষে আশার আলো হয়ে দেখা দেবে অলিম্পিক।’

কিছুদিন আগেই আয়োজক কমিটির পক্ষে স্পষ্ট জানানো হয়েছিল, নির্ধারিত সময়ে করোনা ভ্যাকসিন আবিষ্কৃত না হলে অলিম্পিক আয়োজন করা কঠিন হয়ে দাঁড়াবে। যদিও আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার পক্ষে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে, ২০২১-এর পর আর অলিম্পিক গেমস পিছিয়ে দেওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক। করোনা মহামারির জন্যই তা পিছিয়ে দেওয়া হয়েছে ২০২১ সাল পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত