সাত মাস্ক পরার পথেই ওসাকা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৩ এএম

বর্ণবৈষম্যে মারা যাওয়া ৭ কৃষ্ণাঙ্গের নাম লেখা ৭টি মাস্ক নিয়ে ইউএস ওপেনে এসেছেন নাওমি ওসাকা। প্রতিটি ম্যাচে এক একটি মাস্ক পরবেন তিনি। শঙ্কা ছিল সবগুলো মাস্ক ব্যবহার করতে পারবেন তো ২০১৮’র বিজয়ী! কিন্তু এখন স্পষ্ট ৭টি মাস্কই কাজে লাগানোর পথেই আছেন এই জাপানি তরুণী। কারণ ইতিমধ্যে সঙ্গে আনা ৫টি মাস্ক পরেছেন তিনি। সাফল্যের দ্যুতি ছড়িয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পা রেখেছেন ওসাকা। কোয়ার্টার ফাইনালে ৬-৩, ৬-৪ গেমে শেলবি রজার্সকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন মঙ্গলবার। কোয়ার্টার ম্যাচে তিনি পড়েছিলেন মে-তে পুলিশের নির্যাতনে নিহত জর্জ ফ্লয়েডের নাম লেখা মাস্কটি। সেমিফাইনালে আমেরিকান জেনিফার ব্র্যাডির মুখোমুখি হবেন ওসাকা। ২৮তম বাছাই ব্র্যাডি কাজাখস্তানের ইউরিয়া পুতিনসেভাকে ৬-৩, ৬-২ সেটে হারান।

সাড়ে তিন ঘণ্টা স্থায়ী চার সেটের অসাধারণ এক ম্যাচ জিতে পুরুষ এককের সেমিতে উঠেছেন জার্মানির আলেক্সান্দার ভেরেভ। ২৭তম বাছাই ক্রোয়েশিয়ান বোর্না কোরিচের কাছে প্রথম সেট ৬-১ হেরে দ্বিতীয় সেটে ২-৪-এ পিছিয়ে পড়েছিলেন তিনি। কিন্তু সেই সেট ও পরেরটি টাইব্রেকারে জিতে এগিয়ে যান ম্যাচে। পরে ৬-৩-এ জিতে নেন চতুর্থ সেট। ‘আমি নিজেকে বলেছি যে ৬-১ এবং ৪-২-এ পিছিয়ে আছি। এখান থেকে বড়জোর ম্যাচটাই হারব। তাই নিজের সবটুকু দিয়ে লড়াই শুরু করি’ ম্যাচ শেষে বলেছেন ভেরেভ। রুশ বংশোদ্ভূত ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড সø্যাম সেমিফাইনাল খেলবেন এখন ১২তম বাছাই স্পেনের পাবলো কোরেনো বুস্তার বিপক্ষে। বুস্তাকেও কোয়ার্টারে ম্যারাথন ম্যাচ জিততে হয়েছে। কানাডার ডেনিস শোপোভালভকে পাঁচ সেটের লড়াইযে ৩-৬, ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-৪), ০-৬, ৬-৩ ব্যবধানে হারিয়েছেন তিনি।

এবারের আসর থেকে নোভাক জকোভিচের বহিষ্কারের পর পুরুষদের একক উন্মুক্ত হয়ে পড়েছে। বাকি প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কেউই এখন পর্যন্ত ইউএস ওপেন জিততে পারেননি। তাই আগামী রবিবার পুরুষ এককের ফাইনালে প্রথমবারের মতো নতুন ইউএস ওপেন জয়ীকে দেখা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত