দেশে করোনাভাইরাসে পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৫৯৩। নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮২৭ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৩৮ শতাংশ। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৮২৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৭৮। গত এক দিনে বাসা ও হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আরও ২ হাজার ৯৯৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ২ লাখ ৩০ হাজার ৮০৪ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৪টি ল্যাবে ১৪ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ৪৫২টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৯ দশমিক ৭১ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ।
অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মৃতদের মধ্যে পুরুষ ২৯ জন, নারী ১২ জন। তাদের মধ্যে ৩৬ জন হাসপাতালে, ৩ জন বাড়িতে মারা গেছেন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে ২ জনকে। মৃতদের মধ্যে ২৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ১০ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ১ জন করে মোট ২ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে। ১০ বছরের নিচে ছিল ১ জন। তাদের মধ্যে ১৭ জন ঢাকা বিভাগের, ৬ জন চট্টগ্রাম বিভাগের, ৫ জন করে মোট ১০ জন রাজশাহী ও রংপুর বিভাগের, ৪ জন খুলনা বিভাগের, ২ জন সিলেট বিভাগের এবং ১ জন করে মোট ২ জন বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৪০০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৭৩৪ জন। আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় ৫৭৩ জন এবং এখন পর্যন্ত ৫৬ হাজার ৭৯৯ জন ছাড়া পেয়েছেন। দেশে এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৭৫ হাজার ৫৩৩ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন করা হয়েছে ১ হাজার ৪০০ জনকে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১২ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৫৮ হাজার ৫৮৮ জন ছাড়া পেয়েছেন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ৭৯৬ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫১ হাজার ২০৮ জন।
