রাজধানীর মিরপুর থেকে অপহরণের পাঁচ দিন পর সাভার থেকে শাহাদাৎ হোসেন (৩) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের দুই নারী সদস্যকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ছায়াবীথি সোসাইটি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। আটকরা হলো টাঙ্গাইলের ধনবাড়ি থানার রাশিদা বেগম (৩০) ও ময়মনসিংহের গৌরিপুর থানার ফাতেমা বেগম (৩৫)।
ডিবি পুলিশ মিরপুর বিভাগের এডিসি আশরাফুল করিম জানান, ৫ সেপ্টেম্বর মিরপুরের শাহ আলী মাজারের মহিলা জিয়ারতি গেটের সামনে থেকে অপহরণের শিকার হয় শাহাদাৎ। পরে সাভারের ছায়াবীথি সোসাইটি এলাকার একটি বাড়িতে তাকে আটকে রেখে নির্যাতন চালায় অভিযুক্তরা। মোটা অঙ্কের টাকার বিনিময়ে পাচারকারীদের কাছে শিশুটিকে বিক্রির চেষ্টা করছিল অপহরণকারীরা। এ ঘটনায় শাহ আলী থানায় একটি লিখিত অভিযোগ করেন শিশুটির স্বজনরা। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে ছায়াবীথি সোসাইটি এলাকার আবু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে। শিশু অপহরণের অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।
