রেমিট্যান্সের ২ শতাংশ নগদ প্রণোদনা প্রবাসীরা কোন দিন থেকে পাবেন, সেই তারিখ স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী গত বছরের ১ জুলাই থেকে এ প্রণোদনা পাবেন গ্রাহক।
গতকাল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়, চলতি বছরের ১১ মার্চ একটি সার্কুলার জারি করা হয়। সেই সার্কুলারের মাধ্যমে বাংলাদেশি মালিকানাধীন শিপিং লাইনস ও এয়ারলাইনস কোম্পানির বিদেশ অফিসে (বাংলাদেশ সরকার বা সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যতীত) ও বিদেশি শিপিং লাইনস ও এয়ারলাইনসে কর্মরত বাংলাদেশি মেরিনার ও এয়ার ক্রাফট পাইলট এবং বিশে^র বিভিন্ন দেশে জাতিসংঘ বা অন্যান্য সংস্থা, প্রতিষ্ঠান এবং বিদেশি মিশনে (বাংলাদেশ সরকার বা সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যতীত) কর্মরত বাংলাদেশি কর্মকর্তারা বিদেশে অবস্থানকালে অর্জিত অর্থ বৈধ উপায়ে দেশে পাঠালে ওই অর্থের ওপর নগদ সহায়তা প্রাপ্যতার বিষয়টি নিশ্চিত করে অবিলম্বে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, সেই সার্কুলারে বর্ণিত অবিলম্বে কার্যকর বলতে কোনো কোনো ব্যাংক ২০১৯ সালের ১ জুলাই এবং কোনো কোনো ব্যাংক সার্কুলারের তারিখ থেকে রেমিট্যান্স বিবেচনা করে গ্রাহককে ২ শতাংশ নগদ সহায়তা প্রদান করছে। এতে করে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তাই নতুন করে স্পষ্ট করা যাচ্ছে, এ নির্দেশনা ২০১৯ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে এবং অনুগ্রহপূর্বক সংশ্লিষ্ট পক্ষকে বিষয়টি অবহিত করবেন।
