এক যুগেরও বেশি সময় ধরে চলা টিভি রিয়েলিটি শো’র ইতি টানার ঘোষণা দিলেন মার্কিন তারকা কিম কার্দাশিয়ান। যুক্তরাষ্ট্রের আলোচিত কার্দাশিয়ান ফ্যামিলি নিয়ে রিয়েলিটি শো’টি বেশ জনপ্রিয়তা লাভ করে। বিবিসি জানায়, ধনকুবের মার্কিন সেলিব্রিটি কিম কার্দাশিয়ান ওয়েস্ট নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
এক টুইটার পোস্টে তিনি বলেন, ‘ভারাক্রান্ত মন নিয়ে এমন কঠিন সিদ্ধান্ত নিতে হলো। দ্য কার্দাশিয়ান শো’টিকে আমরা বিদায় জানাচ্ছি।’
১৪ বছর ধরে চলে আসছিল দ্য কার্দাশিয়ান টিভি রিয়েলিটি শো’টি। এতে কিম ও তার পরিবারের অন্যান্য সদস্য, বাবা-মা, ভাইবোন, তাদের পার্টনার, শিশুরা অভিনয় করে আসছিলেন। এই শো’র মাধ্যমে তারা তারকা হিসেবে পরিচিত হয়ে ওঠেন।
২০২১ সালের শুরুতে শো’টির ফাইনাল সিজন প্রচারিত হবে। ২১তম সিজনটি দ্য কার্দাশিয়ানের শেষ সিজন। এরপর বন্ধ হয়ে যাবে জনপ্রিয় এই টিভি শো।
রিয়েলিটি শো’টির সঙ্গে যুক্ত কয়েক হাজার ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ধন্যবাদ দেন কিম। তিনি বলেন ‘আমি প্রত্যেকের প্রতি অশেষ কৃতজ্ঞ যে, যারা গত ১৪ বছর ধরে এই শো’টি দেখেছেন, আমার ও পরিবারের পাশে থেকেছেন।’
